মোঃ আনজার শাহ
শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পথচলা আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল করতে কুমিল্লার বরুড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসব শিক্ষার্থীর মাঝে সহায়ক উপকরণ (অ্যাসিস্টিভ ডিভাইস) বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাভাবিক বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষা গ্রহণ, মেধার বিকাশ ও স্বপ্ন পূরণের সমান অধিকার রয়েছে প্রতিটি শিশুর। শারীরিক কিংবা অন্য কোনো বিশেষ চাহিদা যেন কোনোভাবেই তাদের শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইউএনও আসাদুজ্জামান রনির উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রয়োজনীয় সহায়ক উপকরণের সাহায্যে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ করতে পারবে, বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারবে এবং দৈনন্দিন শিক্ষা কার্যক্রমে আরও স্বচ্ছন্দ বোধ করবে।
শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গড়তে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো কেবল সহমর্মিতার প্রকাশ নয়; বরং একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষার মূলধারায় পিছিয়ে পড়া শিশুদের অংশগ্রহণ আরও বাড়বে এবং তাদের সম্ভাবনা বিকাশের পথ প্রসারিত হবে।