বরুড়া প্রেসক্লাবে নতুন দুই সদস্যের অন্তর্ভুক্তি, সাংবাদিকতার মানোন্নয়নে আলোচনা

মোঃআনজার শাহ :-

কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ব পালন এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিনের কাজের মূল্যায়ন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের বিবেচনায় জামাল হোসেন শাহজী ও আমিনুল ইসলামকে প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বরুড়া প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক বিএম মহসিন, কোষাধ্যক্ষ এমডি আজিজুর রহমান, দপ্তর সম্পাদক রোটা. ওমর ফারুক, প্রচার সম্পাদক শরিফ উদ্দীন এবং সাহিত্য সম্পাদক বিল্লাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য তাছলিমা আক্তার, ইউনুস খান, শাহ আলম, মোতাহের হোসেন সেলিম ও সফিউল্লাহ সুজন। নতুন সদস্যপ্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন জামাল হোসেন শাহজী, আমিনুল ইসলাম, সুজন, রাসেল হোসেন ও রুবেলসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের পেশা নয়; এটি সমাজের প্রতি দায়বদ্ধতা, নিরপেক্ষতা ও সত্যের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। তাই সাংবাদিকদের পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণ, নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রেসক্লাবের সাংগঠনিক শক্তি বাড়িয়ে এলাকার জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আরও কার্যকর সাংবাদিকতা নিশ্চিত করতে হবে বলে তাঁরা মত দেন।
দীর্ঘ সময় ধরে কাজের মূল্যায়ন এবং সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করে জামাল হোসেন শাহজী ও আমিনুল ইসলামকে বরুড়া প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পর্যায়ক্রমে কাজের মূল্যায়নের ভিত্তিতে অন্য সদস্যপ্রত্যাশীদেরও প্রেসক্লাবের সদস্যপদ প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহমর্মিতা বজায় রাখা এবং পেশাগত দায়িত্ব পালনে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে বরুড়া প্রেসক্লাব আরও প্রাণবন্ত ও কার্যকর ভূমিকা রাখবে এলাকার সংবাদ পরিচর্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *