বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন

মোহাম্মদ ইউনুছ:

৬০ বছরের গৌরবময় পথচলা স্মরণে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, ক্যাম্পাসে ২০ হাজার সাবেক শিক্ষার্থীর পদচারণা

বর্ণিল শোভাযাত্রা, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব। ছয় দশকের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য স্মরণে বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে মিলনমেলায় পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে প্রায় ২০ হাজার প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাসের প্রতিটি প্রান্ত। পুরোনো বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, স্মৃতিচারণ আর আনন্দ-উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়।

হীরকজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। শান্তির পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটার মধ্য দিয়ে উদ্‌যাপনের আনুষ্ঠানিকতা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় হীরকজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হীরকজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি আনন্দ ও গৌরবের এক ঐতিহাসিক উপলক্ষ। সমৃদ্ধ ঐতিহ্য, অভিজ্ঞ শিক্ষকসমাজ ও বিস্তৃত অ্যালামনাই নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়টির অন্যতম সম্পদ। গবেষণার পরিধি বাড়িয়ে শিল্প, কৃষি ও উৎপাদন খাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি। গবেষণা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি শুধু একটি প্রতিষ্ঠানের বয়সের হিসাব নয়; এটি জ্ঞানচর্চা, সংগ্রাম, নেতৃত্ব ও জাতি গঠনে ছয় দশকের অবদানের প্রতিচ্ছবি। বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ, গবেষণানির্ভর ও কার্যকর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। গবেষণার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ানো গেলে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আবেগের নাম। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন শিক্ষার্থীদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শাটল ট্রেনের প্রতিটি বগিতে রয়েছে গান, কবিতা, বিতর্ক, বন্ধুত্ব ও তারুণ্যের অসংখ্য স্মৃতি। গত ৬০ বছরে এ বিশ্ববিদ্যালয় দেশকে বহু বিজ্ঞানী, অর্থনীতিবিদ, প্রশাসক, রাজনীতিবিদ ও সমাজসেবী উপহার দিয়েছে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, হীরকজয়ন্তী শুধু অতীতের অর্জন স্মরণ করার আয়োজন নয়; বরং বর্তমানকে মূল্যায়ন করে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণেরও গুরুত্বপূর্ণ সময়। আগামী ৭৫ ও ১০০ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোথায় দেখতে চান, সেই স্বপ্ন সামনে রেখেই পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত টিএসসি নির্মাণ প্রকল্পটি ৫০ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি অনুমোদন পেয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকল্পের কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি গত আট মাসে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন উপাচার্য। তিনি জানান, আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন, ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা, আন্তর্জাতিক র‍্যাঙ্কিং উন্নয়নে র‍্যাঙ্কিং সেল গঠন এবং গবেষণা ও পেটেন্ট কার্যক্রম উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরিতে কনফুসিয়াস সেন্টার চালু করা হয়েছে। আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে আরও আটটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষকদের সহায়তা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে ৬৭৮ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে রয়েছে বলেও জানান উপাচার্য। শাটল ট্রেনের সংখ্যা ও ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জনের পেছনে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের সম্মিলিত অবদান রয়েছে। শিক্ষা কার্যক্রম আধুনিকায়নে সব বিভাগে সেমিস্টার পদ্ধতি ও আউটকাম বেজড এডুকেশন (ওবিই) চালু করা হয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমাতে অটোমেশন পদ্ধতিও চালু হয়েছে।

অন্যদিকে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনমুখী, প্রযুক্তিনির্ভর, গবেষণাবান্ধব ও আন্তর্জাতিক মানের শিক্ষার্থীকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা, সনদ উত্তোলন ও যাচাই কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও পুনর্মিলনী অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক ছাত্রনেতা, ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন সময়ে নেতৃত্ব দেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও নানা অর্জনের কথা তুলে ধরেন। স্মৃতিচারণে উঠে আসে পুরোনো দিনের আনন্দ-বেদনা, বন্ধুত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের বিকাশের নানা অধ্যায়। এতে আবেগঘন হয়ে ওঠে পুরো আয়োজন।

দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্বে বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্যসহ নানা পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে। বুধবার দিবাগত রাত ৮টা পর্যন্ত চলা এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই ও অতিথিরা আনন্দে মেতে ওঠেন।

হীরকজয়ন্তীর এ বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, শিক্ষক, প্রক্টর, প্রশাসনিক কর্মকর্তা, আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আয়োজক কমিটির সদস্য, অ্যালামনাই, আমন্ত্রিত অতিথি, শুভাকাঙ্ক্ষীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছয় দশকের গৌরব, ঐতিহ্য ও স্মৃতিকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব নতুন করে মনে করিয়ে দিয়েছে—এ বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি হাজারো মানুষের আবেগ, ভালোবাসা ও জীবনের অবিচ্ছেদ্য অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *