বাতিঘর আদর্শ পাঠাগারে ‘সুলতানার স্বপ্ন’ ঘিরে সৃজনশীলতার আয়োজন

মোঃ মশিউর রহমান:

‘সুলতানার স্বপ্ন পড়ো; সৃজনশীল অনুভূতি প্রকাশ করো’—এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সুলতানার স্বপ্ন গ্রন্থ বিতরণ, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ‘সুলতানার স্বপ্ন: শতাব্দী পেরিয়ে আজকের পাঠ’ শীর্ষক এই বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে ২০ জন পাঠকের হাতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ তুলে দেওয়া হয়। পাঠকদের আগামী ২৫ নভেম্বরের মধ্যে বইটি পড়ে পাঠ-প্রতিক্রিয়া জমা দিতে বলা হয়েছে। গ্রন্থপাঠের পাশাপাশি চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করা হয়।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ নারীবাদী কল্পকাহিনি। ১৯০৫ সালে ইংরেজিতে রচিত এ বইয়ে ‘লেডিল্যান্ড’ নামে এক কাল্পনিক সমাজের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে নারীরা শিক্ষা, বিজ্ঞান ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেন। অন্যদিকে, পুরুষেরা ঘরে অবস্থান করেন। প্রচলিত লিঙ্গভিত্তিক ভূমিকার উল্টো চিত্র এঁকে রোকেয়া নারীশিক্ষা, স্বাধীনতা, বিজ্ঞানমনস্কতা ও সমতার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। বইটি পাঠের মাধ্যমে নতুন প্রজন্মের পাঠকদের মধ্যে নারী-পুরুষের সমতা, মুক্তচিন্তা ও সৃজনশীলতার চর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করেন আয়োজকেরা।

ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এশিয়া-প্যাসিফিক কমিটি মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে ২০২৪ সালের ৬-১০ মে অনুষ্ঠিত দশম বার্ষিক সভায় ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থকে বিশ্বস্মৃতির আঞ্চলিক রেজিস্টারে অন্তর্ভুক্ত করে।

স্থানীয়রা মনে করছেন, চৌরাকররা গ্রামের বাতিঘর আদর্শ পাঠাগার এলাকার মানুষের বই পড়া, গ্রন্থ বিতরণ, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি মিলনস্থল হিসেবে কাজ করার পাশাপাশি সৃজনশীল চর্চাকে উৎসাহিত করছে। আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে পাঠকেরা বই পড়ার অভিজ্ঞতা ভাগাভাগি করার পাশাপাশি নিজেদের চিন্তা ও অনুভূতি প্রকাশের সুযোগ পেয়েছেন।

বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং গ্রন্থাগারিক সীমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমুজ্জামান, চাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, পাঠাগারের সদস্য মোঃ রাকিব হোসেন, আবু জাফর সালেহ ও লিখন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *