কামরুল ইসলাম:
আশেকে রাসুল (সা.) হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ.) শাহ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) আগামী ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার থেকে চুনতী সীরত ময়দানে শুরু হতে যাচ্ছে। মাহফিলকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বান্দরবান নির্বাহী কমিটির উদ্যোগে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট ২০২৬, শনিবার বাদ জোহর বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবানের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।
সভায় প্রধান সমন্বয়কের বক্তব্য রাখেন মাহফিল মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত। এ সময় বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও মাহফিলের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, শিক্ষা, মানবিক মূল্যবোধ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও শান্তির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি ঐতিহাসিক ও অনন্য আয়োজন। দীর্ঘদিন ধরে এ মাহফিল নবীজির সীরত চর্চা, নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, মাহফিলকে ঘিরে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও সীরতপ্রেমী মানুষের সমাগম ঘটে। তাই মাহফিল চলাকালে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সভায় মাহফিলের সার্বিক কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বিশেষ করে প্রচার-প্রচারণা, অর্থ সংগ্রহ, অতিথি আপ্যায়ন, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত এবং সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, এবারের ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) আয়োজনের প্রাক্কলিত ব্যয় প্রায় ৬ কোটি টাকা। দেশ-বিদেশে কর্মরত মাহফিলের বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে আর্থিক সহযোগিতা সংগ্রহ এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিবছরের ন্যায় এবারও মাহফিল সফলভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহফিলের সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য ধর্মপ্রাণ মুসলমান, সীরতপ্রেমী জনসাধারণ, দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে মাহফিলের প্রচার-প্রচারণা ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবসায়ী ও স্থানীয়দের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ ও তাঁর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবিকতা, শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করা সম্ভব। এ লক্ষ্যেই ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর আয়োজনকে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
সভা শেষে ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর সকল কার্যক্রম মহান আল্লাহর দরবারে কবুল ও বরকতময় হওয়ার কামনায় মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত মাহফিলের অসংখ্য ভক্ত, কর্মী, সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করা হয়।