বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় বলিউড প্লেব্যাক সংগীতশিল্পী জুবিন নটিয়ালের জীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। বাবা হয়েছেন এই তারকা সংগীতশিল্পী। গত ১৪ সেপ্টেম্বর তাঁর ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান।

জুবিন জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন এবং ইতোমধ্যে তাঁরা বাড়ি ফিরেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা হওয়ার সুখবরটি নিজেই জানান জুবিন। তিনি বলেন, গণেশ চতুর্থীর বিশেষ ও শুভ দিনে তাঁদের ঘরে এসেছে এই ‘পুঁচকে রাজপুত্র’। মা ও সন্তান দুজনেই ভালো আছেন এবং বর্তমানে বাড়িতেই রয়েছেন।

সন্তানের জন্মের কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো ছেলের নাম ঠিক করেননি জুবিন। এ প্রসঙ্গে তিনি জানান, আপাতত সন্তানের সঙ্গে প্রতিটি সুন্দর ও আবেগঘন মুহূর্ত উপভোগ করছেন তাঁরা।

জুবিন বলেন, কাজের প্রয়োজনে তাঁকে ঘরের বাইরে যেতে হলেও তাঁর মন পড়ে থাকবে সন্তানের কাছে। তবে আপাতত প্রতিটি মুহূর্ত ছেলের সঙ্গেই কাটাচ্ছেন তিনি। বাবা হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও জানান এই শিল্পী।

যেভাবে সংগীতজগতে জুবিন

২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ রিয়্যালিটি শোর মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন জুবিন নটিয়াল। তাঁর কণ্ঠে এ পর্যন্ত দুই শতাধিক গান প্রকাশিত হয়েছে।

২০১৪ সালে ‘সোনালী ক্যাবল’ ছবির ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং ‘কাবিল’ ছবির ‘কাবিল হু’ গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

পরবর্তী সময়ে ‘শেরশাহ’ ছবির ‘রাতাঁ লাম্বিয়া’, ‘লুট গেয়ে’, ‘হুমনাভা মেরে’, ‘তারোঁ কে শহর’ ও ‘তুম হি আনা’র মতো একাধিক জনপ্রিয় রোমান্টিক গান উপহার দেন জুবিন। এসব গানের মাধ্যমে শ্রোতাদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন এই সংগীতশিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *