নাটোর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নতুনভাবে বিএনপির বিজয় ঠেকানোর জন্য একটি সূক্ষ্ম কারচুপির চেষ্টা করা হচ্ছে। কিন্তু জনগণ কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত সফল হতে দেবে না। দেশের মানুষ এখন সতর্ক আছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। ইতিপূর্বে দিনের ভোট রাতে করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মানুষ চায় বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র না হোক। কারচুপির যেকোনো অপচেষ্টা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।”
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল ও হাফিজুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহমেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।