বিক্ষোভের জেরে তিহার কারাগারে সিজেপির দুই নেতা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লির তিহার কারাগারে পাঠানো হয়েছে। যন্তর মন্তরে অনধিকার প্রবেশ এবং মুচলেকার শর্ত ভঙ্গের অভিযোগে তাঁদের পাঁচ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে দলটির নেতা অজিঙ্কা শিনডেকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে দিল্লি পুলিশ জানায়, তিন নেতাকে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে আটক করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে দিল্লির যন্তর মন্তরে প্রবেশের পর সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিনডেকে আটক করা হয়। এর আগের দিনই ওই স্থানকে বিক্ষোভ প্রদর্শনের জায়গা হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল।

মুচলেকার শর্ত ভঙ্গের অভিযোগ

সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে মুচলেকার শর্ত ভঙ্গ এবং আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা লোকজনকে যন্তর মন্তরে আসার আহ্বান জানিয়েছিলেন। এর মাধ্যমে তাঁরা অনধিকার প্রবেশ করেছেন বলে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে যুক্তি দেয় পুলিশ।

এ ছাড়া আগে দেওয়া মুচলেকায় শান্তিভঙ্গ না করার যে প্রতিশ্রুতি তাঁরা দিয়েছিলেন, তা রক্ষা করেননি বলেও অভিযোগ করা হয়েছে।

তবে সিজেপির আইনজীবী অভিশ্ত হেলা এসব অভিযোগের বিরোধিতা করেছেন। তাঁর দাবি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা মুচলেকার কোনো শর্ত ভঙ্গ করেননি।

এ ঘটনায় দুই নেতাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সিজেপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ায় কী সিদ্ধান্ত আসে, তা এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *