বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: শুধু পুরুষের শাস্তির বিধান নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে শারীরিক সম্পর্কের ঘটনায় শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রাপ্তবয়স্কদের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র অভিযোগে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

আদালত ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬’-এ সংযোজিত সংশ্লিষ্ট বিধানের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে, কেন এ বিধানকে সংবিধানবিরোধী, অকার্যকর ও বাতিল ঘোষণা করা হবে না।

এর আগে একই বিষয়ে দায়ের করা একটি রিটের পরও হাইকোর্ট রুল জারি করেছিলেন। সর্বশেষ সম্পূরক রুলের মাধ্যমে আদালত সংশোধিত আইনটির সাংবিধানিক বৈধতার বিষয়টি আরও স্পষ্টভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনে বলা হয়, প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক ব্যক্তিগত সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র অভিযোগে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করার বিধানটি অস্পষ্ট, বৈষম্যমূলক এবং সংবিধানে নিশ্চিত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ বিধানের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *