মোঃআনজার শাহ
বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ শামছুল হক সর্দার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন গুরুতর অসুস্থ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মৃত্যুর কিছুদিন আগে জাতীয় সংসদের অধিবেশন শেষে মন্ত্রী জাকারিয়া তাহের সুমন সরাসরি হাসপাতালে ছুটে গিয়ে অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সে সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন শামছুল হক সর্দারের দুই কন্যা ও বড় নাতি। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে তিনি রোগীর সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেন এবং সর্বোচ্চ আন্তরিকতা ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতের অনুরোধ জানান সংশ্লিষ্টদের কাছে।
সে সময় আবেগাপ্লুত হয়ে মন্ত্রী বলেছিলেন, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট শামছুল হক সর্দার সকলের শ্রদ্ধার মানুষ এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। মন্ত্রীর এই মানবিক উপস্থিতিতে তখন আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন রোগীর পরিবারের সদস্যরা। উপস্থিত দলীয় নেতাকর্মীদের মধ্যে তাজিরুল ইসলাম মন্তব্য করেছিলেন, ব্যস্ত রাষ্ট্রীয় দায়িত্বের মাঝেও অসুস্থ কর্মীর শয্যাপাশে ছুটে যাওয়াই একজন জনপ্রতিনিধির প্রকৃত মানবিক নেতৃত্বের অনুকরণীয় দৃষ্টান্ত।

মৃত্যুর পর আজ বিকেল সাড়ে ৫টায় বরুড়া ঈদগাহ ময়দানে শামছুল হক সর্দারের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় মাঠের আনাচে-কানাচে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন। জানাযা শেষে মুক্তিযোদ্ধা কমান্ডার ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় এবং নিজ বাড়ির কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।