প্রভাস চক্রবর্ত্তী বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামের এক শিশুর জীবন নিভে গেছে। মায়ের আহাজারি বাতাস ভারী করে তুলেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দার পাড়ায় এই ঘটনা ঘটেছে।
প্রান্তিকা উত্তর সর্দারপাড়ার গণেশ সর্দারের মেয়ে। সে স্থানীয় মুক্তাকেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়তো। প্রান্তিকা তিন বোন ও এক ভাইয়ের বড় ছিল।
প্রান্তিকার মা পান্না সর্দার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল প্রান্তিকা। এসময় দ্রুত গতির একটি হাইস গাড়ি এসে ধাক্কা দিলে প্রান্তিকা ছিটকে পড়ে। এরপর হাইসটির চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাবেয়া খাতুন বলেন, প্রান্তিকাকে সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়। তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।