অনলাইন ডেস্ক:
ভারতবিরোধিতাকে নেপালি জাতীয়তাবাদের সমার্থক হিসেবে দেখানোর পুরোনো রাজনীতির যুগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। একই সঙ্গে ভারত-নেপাল সম্পর্ককে নতুনভাবে সাজানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
সম্প্রতি ভয়াবহ বন্যায় নেপালের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লি সফর করেন ওয়াগলে। দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।
অর্থনীতিবিদ ও সাবেক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কর্মকর্তা ওয়াগলে জানান, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরুদ্ধার কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হচ্ছে। এ জন্য প্রায় ৫ বিলিয়ন ডলারের পুনর্গঠন প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াগলে বলেন, নতুন বালেন্দ্র শাহ সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন সূচনা’ করতে চায়।
তিনি বলেন, দুই দেশের পুরোনো বাণিজ্য চুক্তি ও যোগাযোগ প্রকল্পগুলোও পর্যালোচনা করা হবে। পাশাপাশি নেপালের বিমানবন্দরগুলোর জন্য দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওভারফ্লাইট অধিকার আদায়ের বিষয়টি নতুন করে তোলা হবে।
সীমান্ত বিরোধের মতো জটিল বিষয়গুলোও গঠনমূলক উপায়ে মোকাবিলা করার ওপর গুরুত্ব দেন নেপালের অর্থমন্ত্রী। তার ভাষ্য, এসব বিষয় নিয়ে আলোচনা চলবে, তবে তা যেন দুই দেশের সামগ্রিক সম্পর্ককে প্রভাবিত না করে।
ভারতের সঙ্গে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন ওয়াগলে। তিনি নেপাল-ভারত বাণিজ্য চুক্তি হালনাগাদের প্রয়োজনীয়তার কথাও জানান।
এদিকে বন্যার পর পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নেপাল। এ প্রক্রিয়ায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে ওয়াগলের।
এসব বৈঠকে নেপালের পুনরুদ্ধার কার্যক্রমে আর্থিক সহায়তা চাওয়া হবে বলে জানা গেছে।