ভারতে তরুণীর মৃত্যুর ঘটনায় বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের তেলেঙ্গানা রাজ্যে মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৯ বছর বয়সি মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। মেয়ের বাগদানের মাত্র এক দিন আগে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তরুণীর নাম কল্যাণী। তিনি তেলেঙ্গানার আদিলাবাদ জেলার বাসিন্দা। এ ঘটনায় তার বাবা কৈলাস আডের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মা-বাবাকে জানান কল্যাণী। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মেয়ের সম্পর্কের বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেন বাবা বলে অভিযোগ পুলিশের।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেন কৈলাস। মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রেখে পরিবারের সদস্য ও গ্রামবাসীকে তিনি জানান, মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন।

২৫ নভেম্বর নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল।

পুলিশ জানায়, মৃত্যুর অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যরা কল্যাণীর শেষকৃত্য সম্পন্ন করেন। এতে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটি তদন্ত শুরু করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েকে হত্যার কথা কৈলাস স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *