
আবু ইউছুফ রাবেতঃ
টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাত্র তিন ঘণ্টার বৃষ্টিতে প্রধান সড়ক থেকে অলিগলি সবকিছু হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা।
আজ সোমবার (১৩ জুলাই) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে সকাল ৯টা পর্যন্ত ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নগরীর কান্দিরপাড়, ঝাউতলা, শাসনগাছা, রেইসকোর্সসহ অধিকাংশ সড়কে যান চলাচল প্রায় বন্ধ। রিকশা, অটো বন্ধ থাকায় মানুষ হেঁটে চলাচল করছে। আবাসিক এলাকার ঘরে-দোকানে পানি ঢুকে পড়েছে।
জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে অনেক শিক্ষার্থী নৌকা ও ভ্যানে করে পরীক্ষা দিতে যায়। কেন্দ্রে যাওয়ার পথে পানিতে পড়ে ভিজে যায় খাতা-কলম। অনেকে অসুস্থ হয়ে পড়ে।
পরীক্ষার্থী তাসনিম আক্তার বলেন, “সকাল ৭টায় বাসা থেকে বের হয়েছি। হাঁটু পানি ভেঙে নৌকায় করে কেন্দ্রে এসেছি। খাতা ভিজে যাওয়ার ভয়ে ছিলাম। এরকম অবস্থায় পরীক্ষা দেওয়া খুব কষ্টের।”
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতি বছর বৃষ্টি হলেই কুমিল্লা ডুবে যায়। আমাদের মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিচ্ছে। আগামী পরীক্ষার আগেও যদি পানি না নামে, তাহলে পরীক্ষা স্থগিতের দাবি জানাই।”
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “টানা বৃষ্টির কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ড্রেন পরিষ্কারের কাজ চলছে। পানি দ্রুত নামানোর চেষ্টা করা হচ্ছে।”
পরীক্ষার্থী ও অভিভাবকরা আগামী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে নিতে কেন্দ্রগুলোর চারপাশ থেকে পানি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।