মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস

নিজস্ব প্রতিবেদক:

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় একান্ত সহকারী সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন এপিএস আবদুল আওয়াল বুলবুল। এ সফরের জন্য ৮ অক্টোবর একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা ওই নোটিশে ঢাকার মোহাম্মদপুরে এপিএসের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে সেখানে ফিরে যাওয়ার কর্মসূচিও উল্লেখ ছিল।

সফরের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নোটিশের অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি দেওয়া হয় অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও। এ সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, এ ধরনের সফর সরকারি রীতির পরিপন্থি।

মন্ত্রণালয় সূত্র জানায়, এপিএসের এ সফর সম্পর্কে কিছুই জানতেন না খাদ্যমন্ত্রী। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হন তিনি। ১২ অক্টোবর আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে পাঠিয়ে অফিস থেকে চলে যেতে বলেন মন্ত্রী। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সূত্রের ভাষ্য অনুযায়ী, মন্ত্রীর অগোচরে সরকারি সফরসূচি তৈরি করে এভাবে পরিদর্শনে যাওয়ার সুযোগ নেই। বিষয়টি জানার পরই এপিএসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবদুল আওয়াল বুলবুলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হলে ফিরতি বার্তায় তিনি দাবি করেন, অর্পিত দায়িত্ব সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করছেন। তার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের এসব অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান।

এ বিষয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, তাকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় তিনি বিব্রত। এ কারণে আবদুল আওয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *