আরাফাত হোছাইন:
মেধার বিকাশ, প্রতিভার অন্বেষণ এবং আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে মাতামুহুরি উপজেলায় ভেওলা গণগ্রন্থাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধা যাচাই অভীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভেওলা গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
পরীক্ষার কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামাল উদ্দিন এবং হল নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মাস্টার জাহাঙ্গীর আলম। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন হযরত ফাতিমা (রা.) বালিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কবির হোছাইন। তাঁরা পরীক্ষার পরিবেশ, সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ পর্যবেক্ষণ করেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকেরা জানান, এ পরীক্ষার উদ্দেশ্য শুধু মেধাবী শিক্ষার্থী নির্বাচন বা বৃত্তি প্রদান নয়; বরং স্থানীয় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পড়াশোনায় উৎসাহিত করা। প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে। প্রয়োজন যথাযথ পরিচর্যা, অনুপ্রেরণা ও সুযোগ সৃষ্টি। সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন হযরত ফাতিমা (রা.) বালিকা ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক এএসএম মঈদ উদ্দিন, চকরিয়া সরকারি কলেজের প্রভাষক ছরওয়ার আলম, হল সুপার মোহাম্মদ রুহুল কাদের, বহদ্দারকাটা আল-ইয়ামিন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জাহেদুল ইসলাম, জিএনএ মিশনারী স্কুলের সিনিয়র শিক্ষক মো. ইউনুচ এবং সহকারী হল সুপার সাজ্জাদ হোসেন রিয়াদ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা খুঁজে বের করে তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি হয় আজকের শিশুদের মধ্য দিয়ে। তাই এ বৃত্তি পরীক্ষাকে এককালীন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি শিক্ষাবান্ধব সামাজিক আন্দোলনে রূপ দিতে চান তাঁরা। ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনা, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষা ও মানবকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
পরীক্ষার হল নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম বলেন, সমাজের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ, নৈতিকতা, দায়িত্ববোধ ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। সুযোগের অভাবে যেন কোনো সম্ভাবনাময় শিক্ষার্থী পিছিয়ে না পড়ে, সে জন্য ভবিষ্যতে মেধাবৃত্তি কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি শিক্ষাসহায়ক ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
আয়োজকেরা আরও জানান, শিক্ষার্থীদের মেধার বিকাশ, প্রতিভার অন্বেষণ, জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতে নিয়মিত এ পরীক্ষা আয়োজনের পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষামূলক প্রতিযোগিতা, ক্যারিয়ার সচেতনতা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করতে চায় ভেওলা গণগ্রন্থাগার।
এ সময় উপস্থিত ছিলেন ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু শামা, বেতুয়ারকুল জাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, সহকারী শিক্ষক নছর উল্লাহ, সহকারী শিক্ষিকা উম্মে নজমুন জাজিরা এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার রায়হান উদ্দিন।
পরীক্ষায় হযরত ফাতিমা (রা.) বালিকা ফাজিল মাদ্রাসা, অনুশীলন একাডেমি, জিএনএ মিশনারী স্কুল এবং বহদ্দারকাটা আল-ইয়ামিন দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।