মাত্র ১০ মাসেই ৩০ পারা মুখস্থ! ৯ বছরের আরহামের বিস্ময়কর কৃতিত্বে মুগ্ধ সবাই

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাত্র ৯ বছর বয়সী শিশু আরহাম ভূঁইয়া মাত্র ১০ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছে। তার এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

আরহাম উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের বাসিন্দা ওহিদুল ইসলাম ভূঁইয়ার একমাত্র ছেলে। তিনি স্থানীয় দারুণ নাজাত আইডিয়াল মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ অক্টোবর হেফজ শুরু করে চলতি বছরের ৩০ জুন মাত্র ১০ মাসের মধ্যে ৩০ পারা কোরআন মুখস্থ সম্পন্ন করে আরহাম। যেখানে একজন শিক্ষার্থী সাধারণত প্রতিদিন ১ থেকে ২ পৃষ্ঠা নতুন পাঠ প্রস্তুত করে, সেখানে আরহাম নিয়মিত ৪ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শিক্ষকদের শুনাতেন। তার অসাধারণ মেধা, অধ্যবসায় এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানেই এ সাফল্য সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব বলেন, আরহামের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, প্রতিষ্ঠানের শিক্ষার মানেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি জানান, মাদরাসাটিতে হেফজ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, শুদ্ধ তিলাওয়াত এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়।

মাদরাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি ডা. গিয়াস উদ্দিন বলেন, আরহামের এ সাফল্য প্রতিষ্ঠানটির জন্য গর্বের এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।

নিজের অনুভূতি জানিয়ে আরহাম ভূঁইয়া বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি অল্প সময়ে কোরআন হেফজ সম্পন্ন করতে পেরেছেন। ভবিষ্যতে একজন যোগ্য আলেম হয়ে কোরআনের খেদমতে নিজেকে নিয়োজিত করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

আরহামের বাবা ওহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ছোটবেলা থেকেই ছেলেকে কোরআনের আলোয় গড়ে তোলার চেষ্টা করেছেন। ছেলের এ অর্জনে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

আরহামের শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েত উল্ল্যাহ বলেন, শুরু থেকেই আরহাম ছিল অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। নিয়মিত বেশি পরিমাণে পাঠ প্রস্তুত করার অভ্যাস এবং অদম্য অধ্যবসায়ের ফলেই সে মাত্র ১০ মাসে হেফজ সম্পন্ন করার বিরল কৃতিত্ব অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *