মানউন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই: ফজলুল হক মিলন এমপি

খসরু মৃধা:

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, মানউন্নয়ন, দক্ষ, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি হচ্ছে মানসম্মত শিক্ষা। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সরকার ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।

রোববার (২৮ জুন) সকালে গাজীপুরের পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত চারতলাবিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলার উদ্বোধন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই জাতির সবচেয়ে বড় শক্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।

তিনি সকল শিক্ষার্থীকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদক মানুষের জীবন ধ্বংস করে, একটি সুন্দর পরিবার ধ্বংস করে। সুতরাং তোমরা মাদককে ‘না’ বলো।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, ভালো ফলাফল অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) এম. রকিবুল হাসান। এ সময় তিনি এইচএসসি পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন। পরে তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্মিত একাডেমিক ভবন চালুর মাধ্যমে পূবাইল আদর্শ কলেজে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষা গ্রহণের আরও বেশি সুযোগ পাবে। একই সঙ্গে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *