মিজানুর রহমান সারোয়ারের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি, সংবাদ সম্মেলনে বোন তানিয়ার আবেগঘন বক্তব্য

ফাতেমা খুরশিদ সোমায়া:

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান সারোয়ারের নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

রোববার (২৯ নভেম্বর) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে সারোয়ারের বোন তানিয়া তাঁর ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, *“আমার ভাই দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একের পর এক মামলা ও কারাবাসের কারণে আমাদের পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। আমরা আর কোনো হয়রানি চাই না। আমরা চাই, আমার ভাই যেন ন্যায়বিচার পান এবং দ্রুত নিঃশর্ত মুক্তি লাভ করেন।”*

তানিয়া আরও বলেন, তাঁর ভাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি হোসেনপুর উপজেলার ৬ নম্বর পুমদী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে সারোয়ারের বিরুদ্ধে ৬৮টি রাজনৈতিক মামলা করা হয়েছিল। এ সময় তিনি ৪৬ দিন গুম ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

তানিয়ার অভিযোগ, বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রায় এক মাসের মাথায় একটি মহলের ষড়যন্ত্রে তাঁর ভাইকে নতুন করে মামলায় জড়ানো হয়। পরবর্তী সময়ে তাঁকে দীর্ঘ ৭ মাস ১৫ দিন কারাগারে থাকতে হয়েছে। পরিবারের উদ্যোগে আদালত থেকে জামিনের ব্যবস্থা করা হলেও জামিন পাওয়ার পরপরই উত্তরা পূর্ব থানা-পুলিশ তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

তানিয়া বলেন, “আমরা চাই না, কোনো নিরপরাধ মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হোক। আমার ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক। প্রকৃত ঘটনা সামনে আসুক। যদি কোনো অন্যায় হয়ে থাকে, তার বিচার আইনের মাধ্যমে হোক। কিন্তু অন্যায়ভাবে কাউকে কারাগারে আটকে রাখা উচিত নয়।”

সংবাদ সম্মেলনে সারোয়ারের মা জাহানারা, বোন তানিয়া, মো. রানা, মো. সোহাগসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে পরিবারের পক্ষ থেকে মিজানুর রহমান সারোয়ারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির জন্য সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *