মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ও আহত ১

জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। তারা মায়ামি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে তার মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে প্রাইভেটকারে থাকা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *