মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় রবিবার (২৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় সারা দেশে প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মোল্লাহাট উপজেলার বাসিন্দা সাবরিনা শেখ বলেন, “আমি আমার ছেলেকে নিয়ে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। এখানে তাকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। হাসপাতালে এসে দেখলাম, অনেক মা তাঁদের শিশুদের নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে এসেছেন।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নির্ধারিত টিকাদান কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন। কোনো শিশু যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে আগেই ব্যাপক প্রচার-প্রচারণা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে অবশ্যই নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। তবে শিশুকে খালি পেটে কেন্দ্রে না আনা এবং গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হওয়ার পর ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত জটিলতা এবং দীর্ঘস্থায়ী ডায়রিয়ার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি যোগ্য শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।