নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে পরিত্যক্ত একটি ভ্যানিটি ব্যাগের ভেতর ৯টি ককটেল উদ্ধার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর মিডিয়া শাখার উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বেশ কিছু ককটেল মজুত রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-২-এর একটি বিশেষ দল ওই এলাকায় জোরদার তল্লাশি অভিযান চালায়।
তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ৯টি শক্তিশালী ককটেল শনাক্ত ও উদ্ধার করা হয়।
পরে এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিরাপদ হেফাজতে নেয়। এরপর সেগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।
মেজর এম মুবীন রহমান তাপস আরও বলেন, ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা উদ্যান ও আশপাশের এলাকায় এসআরবি-২-এর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।