জালালুর রহমান:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর রহমানের ছেলে। শুক্রবার (১২ জুন) বিকেলে শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না রাত ৯টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এদিকে, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, শরীফপুর সীমান্তে গুলির ঘটনার খবর পাওয়া গেছে এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।