মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে সুলতান মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন রাতে কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের পশ্চিম কালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

পরে গত ১২ জুন রাতে নিজ বাড়ি থেকে সুলতান মিয়াকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানা পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই (নিঃ) মো. আব্দুস শহীদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর চিকিৎসা সংক্রান্ত নথি হিসেবে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল রিপোর্ট পুলিশের কাছে রয়েছে।

তিনি জানান, মামলার তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার পাশাপাশি ঘটনার আলামত যাচাইয়ের জন্য ভুক্তভোগীর কাছ থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে অভিযুক্তের ডিএনএ প্রোফাইল মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আদালতের অনুমতি নিয়ে নমুনা পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবরেটরির সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে অভিযোগের বিষয়ে তদন্তে আরও তথ্য পাওয়া যেতে পারে। প্রতিবেদন ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *