বিনোদন ডেস্ক:
দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এবার দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।
স্থানীয় সময় গত শনিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মৌসুমী জানান, তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
জানা গেছে, ২০২৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে টানা তিন বছর ধরে সেখানেই অবস্থান করছেন তিনি। গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এ সময় তাঁর দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল।
অবশেষে গ্রিন কার্ড পাওয়ায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে এই অভিনেত্রীর। দেশটিতে স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার ফলে অভিবাসন আইনের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভবিষ্যতে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগও তৈরি হতে পারে তাঁর।
মৌসুমীর গ্রিন কার্ড পাওয়ার খবরে তাঁর ভক্তদের মধ্যে আনন্দ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই তারকাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।