কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অবশ্যই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতি পাঁচ বছর পরপর জনগণের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ আসে—নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ। আমি আশা করি, আপনারা এই সুযোগটি যথাযথভাবে কাজে লাগাবেন।
শুক্রবার কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের পাল বাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী আরও বলেন, আপনারা ভোট দিয়ে এমন একজন প্রতিনিধি নির্বাচন করবেন, যিনি সংসদে গিয়ে আপনাদের কথা বলবেন। যিনি এলাকার উন্নয়নের কথা বলবেন, আপনাদের সন্তানদের শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে সোচ্চার থাকবেন। এসব নিশ্চিত করতে হলে সংসদে একজন সৎ, যোগ্য ও জনগণের প্রতি দায়বদ্ধ মানুষকে পাঠাতে হবে।
তিনি সতর্ক করে বলেন, আপনারা যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেন, তাহলে একটি চক্র ভোট কেটে সিল মেরে আপনাদের ভোট অন্যভাবে ব্যবহার করে নেবে। আর সেইভাবে এমপি নির্বাচিত হলে তিনি জনগণের কষ্ট বুঝবেন না, জনগণের কাছে তার কোনো জবাবদিহিতাও থাকবে না।
ভোটারদের উদ্দেশে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি আপনাদের কাছে একবারের জন্য সুযোগ চাই। কথা দিচ্ছি, আপনারা আমাকে নির্বাচিত করলে সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো। জনগণের অধিকার ও এলাকার উন্নয়নের প্রশ্নে কখনো আপস করবো না।”
এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মীরা।