নিজস্ব প্রতিবেদক:
রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে মোজাফফর হোসেন। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘খান এক্সপ্রেস’ নামের একটি দূরপাল্লার বাস বৈরাগীগঞ্জ মাজার মসজিদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে উপস্থিত বড়দরগাহ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে বাসটির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।