রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নঈমুল হক চৌধুরী (৩২), চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন কান্তি গুহ (৫৫), রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মোনাফ (৫৮), চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক মো. ফারুক (৪৭) এবং লালানগর ইউনিয়ন যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান (৪২)।

রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের কয়েকটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে। পরবর্তী সময়ে পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) ও থানার রেকর্ডপত্র যাচাই করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য পাওয়া যায়।

এর মধ্যে উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি নঈমুল হক চৌধুরীর বিরুদ্ধে ২০১৮, ২০১৯ ও ২০২৫ সালে রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া তিনটি মামলার রেকর্ড রয়েছে। এ ছাড়া চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন কান্তি গুহের বিরুদ্ধে ২০১২ সালের একটি মামলার তথ্য পাওয়া গেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। এত দিন তাঁরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। পাঁচ আসামিকে ২০২৪ ও ২০২৫ সালে রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবারই আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *