বিনোদন ডেস্ক:
অভিনয় ও রূপ-লাবণ্যে বরাবরই ভক্তদের নজরে থাকেন অভিনেত্রী তানজিন তিশা। এবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে লাল বেনারসি শাড়িতে নিজেকে ভিন্ন এক রাজকীয় সাজে উপস্থাপন করে ভক্তদের মাঝে সাড়া ফেলেছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন তানজিন তিশা। ছবিতে তাকে আগুনরাঙা লাল বেনারসি শাড়িতে দেখা যায়। সঙ্গে ছিল স্টাইলিশ পার্স, মানানসই গহনা ও খোপায় জড়ানো সাদা ফুল। সব মিলিয়ে তার সাজে ফুটে ওঠে এক নান্দনিক ও রাজকীয় আবহ।
প্রকাশিত ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে। কখনো স্নিগ্ধ হাসি, আবার কখনো আবেদনময়ী দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন তিনি। হোটেলের ভেতরের কালো ব্যাকগ্রাউন্ড ও আবহ তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবিগুলো প্রকাশের পর তানজিন তিশার ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে। তার ফ্যাশন ও সাজের প্রশংসা করে অনেকে মন্তব্য করেন। একজন ভক্ত লিখেছেন, ‘সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়!’
পর্দায় সাবলীল অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর ব্যস্ততা বর্তমানে আগের তুলনায় কিছুটা কম। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তানজিন তিশা।
এর মধ্যে পুরোনো একটি বিতর্ককে কেন্দ্র করে সম্প্রতি আইনি জটিলতায় পড়েছিলেন এই অভিনেত্রী। তার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় আত্মসমর্পণের পর জামিন পান তানজিন তিশা।