রকিবুল হাসান (বাবুল):
মাদারীপুরের রাজৈরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মাদার্স কমিটির সদস্য, প্রধান শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় রাজৈর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, মাদার্স কমিটির সদস্য, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) জাহাঙ্গীর হোসেন।
সভায় স্বাগত বক্তব্য দেন রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা। তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান আলী মিয়া। তিনি সরকারের ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় পর্যায়ে জবাবদিহিতা ও নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাইরুন নেছা বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলে এলাহী। তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, বিএনপি নেতা বাবু হাওলাদার, ম্যানেজিং কমিটির সভাপতি ইমাম শাহারিয়ার, প্রধান শিক্ষক জাকির হোসেন এবং মাদার্স কমিটির সদস্য সোনিয়া আক্তারসহ অন্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজৈর থানার ওসি (তদন্ত) মোঃ কুতুব উদ্দিন, বাবু জীবন বোস, অ্যাডভোকেট মফিজুর শেখ, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন, বাদশা মীর, মহসিন ফকির, গোলাম মওলাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতবিনিময় সভায় উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, মাদার্স কমিটির সদস্য, অভিভাবক, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সরকারের ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক করার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে মতামত দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকারের ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।