রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ (৪২) ও সাবেক ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবু (৩৫)-কে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে রামগঞ্জ থেকে নোয়াখালীর চাটখিল যাওয়ার পথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে বিকেলে রামগঞ্জ শিশুপার্ক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে তারা খাবার বিতরণ করেন।
রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. পারভেজ হোসেন (২৪), নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. মুরাদ (২৪), লামচর ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য ফয়সাল হোসেন (৩১) ও বিভিন্ন মামলায় আরও ৫ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটক রাশেদ রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং বাবু রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রামগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে খাবার বিতরণ করা হয়। রামগঞ্জ শিশুপার্ক এলাকায় এ আয়োজন করা হয়। সেখানে যুবলীগ নেতা রাশেদ ও সাবেক ছাত্রলীগ নেতা বাবুসহ অনেকেই উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতে গা-ঢাকা দিতেই রাশেদ ও বাবু নোয়াখালীর চাটখিলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘রাশেদ ও বাবুসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৫ জনকে আটক করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’