অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাসের ভেতরে রাখা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির মালিক কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। বুধবার রাতে চালক মমিন হোসেন বাসটি সেখানে পার্কিং করে চলে যান। এ সময় বাসের হেলপার হেলাল গাড়ির ভেতরেই ঘুমিয়ে ছিলেন। পরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেলে সেখান থেকে ফিরে বাসে আগুন জ্বলতে দেখেন তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি পুড়ে যায়।
বাসমালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি পাশের রাজু অটোর সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে।
দোকানমালিক ইউছুফ আলী বাবু বলেন, বাসটি সেখানে রাখতে নিষেধ করা হলেও চালক তা শোনেননি। আগুনে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসের একটি সিটের ওপর কয়েল পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।