রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

নুরুল হাসান চৌধুরী খোকন:

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লামারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই মোঃ শওকত জামিলসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

পুলিশ জানায়, কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লামারপাড়া সংলগ্ন চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড়ে ১০–১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। তবে অপর ডাকাতরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

  • মেহেদী হাসান (২০), পিতা: মৃত শফি আলম

  • জসিম উদ্দিন (২২), পিতা: বাদশা মিয়া

উভয়েই রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা (৭ নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের কাছ থেকে এবং পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—

  • ৪১ ইঞ্চি লম্বা ধারালো কিরিচ

  • দুটি ধারালো ছুরি

  • দুটি ধারালো দা

  • দুটি লোহার হাতুড়ি

  • একটি দ্বিমুখী ধারালো চাইনিজ কুড়াল

  • তালা কাটার যন্ত্র

  • চেইনযুক্ত বিশেষ লোহার কাঁটাযুক্ত যন্ত্র

  • তিনটি প্লাস

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ভোরের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *