আবু সায়েদ:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) এ উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী রায়পুর পৌর শহরের অবকাঠামোগত উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই সড়ক সংস্কার কাজ সম্পন্ন হলে যানজট ও জনদুর্ভোগ কমবে এবং পৌরবাসী আধুনিক যোগাযোগ সুবিধা পাবে।
তিনি আরও বলেন, উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে এডিবি, এএফডি ও জিওবি’র আর্থিক সহায়তায় প্রায় ১৬ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে রায়পুর পৌরসভা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও ইউএনও মেহেদী হাসান কাউছার, উপজেলা বিএনপি সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি সভাপতি এবিএম জিলানী, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, ডা. মুকুল মিয়াজী, এলজিইডির প্রকৌশলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।