রিয়ালে থাকতেই পিএসজির জার্সি পরার ইচ্ছা ছিল রোনালদোর

স্পোর্টস ডেস্ক:

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে খেলার স্বপ্ন দেখতেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদে খেলার সময় এক নৈশভোজে নিজের এ ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। এমন তথ্য জানিয়েছেন ফ্রান্স ফুটবন সাময়িকীর সাবেক প্রধান সম্পাদক ও ব্যালন ডি’অর পুরস্কারের সাবেক দায়িত্বপ্রাপ্ত পাসকাল ফেরে।

ইউরোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরে জানান, ২০১৬ সালে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পর রোনালদোর সঙ্গে তাঁর এক নৈশভোজে দেখা হয়েছিল। সেখানে ফ্রান্স ফুটবল সাময়িকীর আরও ১৫ থেকে ২০ জন কর্মী উপস্থিত ছিলেন।

ফেরে বলেন, সেই আড্ডায় রোনালদো বলেছিলেন, একদিন পিএসজির জার্সি গায়ে পার্ক দে প্রিন্সেসে খেলতে চান তিনি। সে সময় গ্যালারিতে ৫০ হাজার পর্তুগিজ সমর্থক তাঁকে স্বাগত জানাবেন বলেও মন্তব্য করেছিলেন রোনালদো।

ফেরের ভাষ্য অনুযায়ী, রোনালদো কথাটি কিছুটা রসিকতার ছলে বললেও প্যারিসের ক্লাবটিতে খেলার ইচ্ছা তাঁর ছিল। প্যারিসে বিপুলসংখ্যক পর্তুগিজ মানুষের বসবাসও তাঁর এ আগ্রহের একটি কারণ ছিল বলে উল্লেখ করেন তিনি।

তবে শেষ পর্যন্ত পিএসজির জার্সিতে খেলা হয়নি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন তিনি। পরে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদো। এরপর ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগিজ এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *