কক্সবাজার স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বাজারগুলোতে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উখিয়া শাখা।
রোহিঙ্গা সিবিও নেতা রহিমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্যাম্পের বাজারগুলোতে বিক্রি হওয়া খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ক্যাম্পের বাসিন্দাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ পরিস্থিতিতে খাদ্যপণ্যের মান নিয়মিত পরীক্ষা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ এবং ভেজাল পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বাজারগুলোতে নিয়মিত তদারকি জোরদার, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিয়মিত তদারকি এবং ভোক্তা অধিকার সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।