কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ::
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে টানা ১৫ দিন ধরে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন তিন যুবক। গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
রোববার (২৮ জুন) পর্যন্ত তিন যুবককে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে। এরপর থেকে তারা খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
জানা গেছে, বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক ও আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় যুবকরা নিজ নিজ পরিবারের কাছেও ফিরতে পারছেন না। ফলে দুই দেশের সীমান্তের মাঝামাঝি শূন্যরেখাতেই মানবেতর অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের।
এ বিষয়ে জামালপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে তিন যুবক এখনো শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন। তিনি বলেন, সীমান্তে বিজিবির নজরদারি আগের মতোই কঠোর রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।