লামা থানা বার্ষিক পরিদর্শন করলেন বান্দরবানের পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার:

বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার লামা থানা বার্ষিক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি থানার সার্বিক কার্যক্রম ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের আবাসনব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তাসহ সার্বিক কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় পুলিশ সুপার প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের প্রতি মানবিক ও সেবামূলক আচরণ বজায় রাখার আহ্বান জানান। দায়িত্ববোধ ও পেশাদারত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *