লালন শাহের মাজারে পেট্রোল ও টাইম বোমা উদ্ধার, নিরাপত্তা জোরদার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের মূল ফটকের পাশ থেকে পরিত্যক্ত একটি সাদা ব্যাগে দুটি বোতলভর্তি পেট্রোল ও একটি টাইম বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে মাজারের মূল প্রবেশদ্বারের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় সাধুরা। পরে তাঁরা বিষয়টি কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনকে জানান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে বিষয়টি পুলিশ সুপারকে জানায়। পরে মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে পুলিশ, র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দায়িত্ব পালন করেন।

পুলিশ সুপারের মাধ্যমে যোগাযোগের পর সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের চার সদস্যের একটি দল কুষ্টিয়ায় পৌঁছায়। পরীক্ষা-নিরীক্ষার পর ব্যাগের ভেতরে দুটি বোতলভর্তি পেট্রোল ও একটি টাইম বোমা থাকার বিষয়টি শনাক্ত করা হয়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, স্থানীয় সাধুরা ব্যাগটির বিষয়ে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপারকে অবহিত করেন। পরে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করে সেটিকে টাইম বোমা হিসেবে শনাক্ত করে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত তাঁদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *