লালবাগে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সার্ভেয়ার আটক

অনলাইন ডেস্ক:

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে এক লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে দুদকের বিশেষ দল ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এক লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে তাঁকে আটক করা হয়।

দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ প্রস্তুতের জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।

আবেদনের পর প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি মনিরুল ইসলাম। একপর্যায়ে তাঁকে সংশ্লিষ্ট কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে সার্ভেয়ার আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে বিষয়টি দুদককে জানান অভিযোগকারী মনিরুল ইসলাম। একই সঙ্গে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটকের জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান তিনি।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল মঙ্গলবার পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

দুদক জানিয়েছে, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে কমিশনের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাঁকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *