লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে ছেলের ধারালো বটির কোপে আফসার শেখ (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে খায়রুল শেখ পলাতক রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেকার যুবক খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য সে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া ও অশান্তি করত। টাকা না পেলে বাড়ির আসবাবপত্রও ভাঙচুর করত বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন দুপুরে খায়রুল তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। এ সময় বাবা আফসার শেখ বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। একপর্যায়ে ঘর থেকে ধারালো বটি এনে বাবার হাত, বুক, পেট ও মাথায় এলোপাতাড়ি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই আফসার শেখের মৃত্যু হয়। ঘটনার সময় খায়রুলের মা ও স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন।

হত্যাকাণ্ডের পরপরই খায়রুল বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক খায়রুলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *