লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. শাহাব উদ্দিন (৩৫) নামে এক শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন ওই এলাকার আব্দুস সোবহানের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি জন্ম থেকেই শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী ছিলেন। তবে প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি কারও কাছে হাত পাততেন না। নিজের শ্রমে উপার্জন করে পরিবারের দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে শাহাব উদ্দিন রেললাইনের ওপর অবস্থান করছিলেন। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা শাহাদত হোসেন বলেন, “শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী হলেও শাহাব উদ্দিন কখনো কারও কাছে হাত পাততেন না। নিজের শ্রমে উপার্জন করে পরিবারের দায়িত্ব পালন করতেন। স্বজনদের কাছে তিনি ছিলেন পরিবারের একমাত্র ভরসা।” লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, “দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। তবে দুপুরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে দুর্ঘটনার বিষয়টি কক্সবাজার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।” এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *