আন্তর্জাতিক ডেস্ক:
ভারত যুদ্ধ চায় না এবং অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করাও তাদের লক্ষ্য নয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
রোববার ‘এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬’-এ অংশ নিয়ে রাজনাথ সিং বলেন, ভারত শান্তিতে বিশ্বাস করে এবং যুদ্ধ চায় না। অন্য দেশের ভূখণ্ড দখল কিংবা কাউকে ভয় দেখানো ভারতের উদ্দেশ্য নয়। তবে ভারতের শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
রাজনাথ সিং বলেন, নীরবতা ও দুর্বলতার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ভারত শান্তি চাইলেও নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো আপস করবে না।
তিনি বলেন, কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে মদদ দেওয়া অব্যাহত রাখলে সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা চালাতে ভারত প্রস্তুত থাকবে।
রাজনাথ সিংয়ের বক্তব্যে ‘প্রতিবেশী দেশ’ বলতে পাকিস্তানের প্রসঙ্গ উঠে আসে। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তানের মাটি ব্যবহার করে ভারতে বিভিন্ন সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে একটি হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার পর ভারত পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মিরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
রাজনাথ সিং আরও বলেন, ভারত সংলাপে বিশ্বাস করে। তবে কোনো দেশ সন্ত্রাসবাদ ছড়িয়ে যাওয়ার কর্মকাণ্ড অব্যাহত রাখলে সেখানে আলোচনার সুযোগ থাকবে না। ভারত পারস্পরিক সহযোগিতা চায়, কিন্তু জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয়।