শারদীয় দুর্গাপূজার নিরাপদ উদযাপনে সমন্বিত উদ্যোগ জরুরি: কায়সার আলম সেলিম

মোঃআনজার শাহ

শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য বলে মনে করেছেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় আচারই নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক বন্ধনেরও অনন্য উপলক্ষ। কুমিল্লায় এবার ৮৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং ১৬ অক্টোবর থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

কায়সার আলম সেলিমের মতে, পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত আলো, সিসিটিভি ক্যামেরা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা ও জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রশাসনকে অবহিত করা প্রয়োজন।

বরুড়ার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চাই উৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারে।

উল্লেখ্য, কুমিল্লা জেলায় দুর্গাপূজার প্রস্তুতি ইতোমধ্যে পুরোদমে চলছে; মণ্ডপ সাজসজ্জা, প্রতিমা নির্মাণ ও আলোকসজ্জার কাজ এগিয়ে চলেছে। এ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়েও দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপনে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *