নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে আয়োজিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী প্রবেশ ফটক ভেঙে দিয়ে আন্দোলন কর্মসূচি শেষ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে মাঠ উদ্ধারের দাবিতে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা সোমবার (২ নভেম্বর) দুপুরে মেলার বিভিন্ন স্থাপনা ভাঙচুরের পর ক্যাম্পাসে ফিরে যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মেলার মাঠে প্রবেশ করেন। এ সময় তারা মেলার বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙতে শুরু করেন। স্থাপনা অপসারণের কাজে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা দুটি ট্র্যাক্টর ব্যবহার করা হয়। একপর্যায়ে মেলার প্রধান অস্থায়ী প্রবেশ ফটকটিও ভেঙে ফেলেন তারা। দুপুর ১টা ১০ মিনিটের দিকে ফটক ভাঙার কাজ শেষ করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যান।
শিক্ষার্থীদের মূল দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ থেকে বাণিজ্য মেলার সব আয়োজন সরিয়ে মাঠটি তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত থাকা প্রয়োজন। সেখানে বাণিজ্য মেলা কিংবা অন্য কোনো বাণিজ্যিক আয়োজন করা উচিত নয়।
এ ছাড়া মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবিও জানিয়েছেন তারা। একই সঙ্গে কৃষি গবেষণার উপযোগী করে মাঠটি গড়ে তোলা এবং সেখানে কোনো ধরনের স্থায়ী কিংবা অস্থায়ী স্থাপনা নির্মাণ না করার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে তাতে বাধা দেন শিক্ষার্থীরা। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান তারা। পরদিন ২৮ অক্টোবর বাণিজ্য মেলার প্রধান প্রবেশ ফটকসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
মাঠ উদ্ধারের দাবিতে এর আগেও কয়েক দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সর্বশেষ গত ১ নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিশ্ববিদ্যালয়ের মাঠ নিজেদের ব্যবহারের উপযোগী করে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এ বিষয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও আন্দোলন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।