শেখ হাসিনার দেশে ফেরার আবেদন প্রত্যাখ্যান ঘিরে উত্তপ্ত বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আবেদন সরকার প্রত্যাখ্যান করার পর তাঁর সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে সরকার। সপ্তাহব্যাপী চলা এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে থানা, ব্যাংক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও।

গত বছর শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে তাঁর নেতৃত্বাধীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির সমর্থকেরা রাস্তায় নামার পর বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

চলতি মাসের শুরুর দিকে দেশে ফেরার অনুমতি চেয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বলছে, শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে।

এই অস্থিরতার জন্য ভারতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভারত বাংলাদেশের স্বার্থের দিকে নজর না দিয়ে দেশত্যাগী আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে। তাঁদের মাধ্যমে আবারও বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সহিংসতার চিত্র ও নিরাপত্তা পরিস্থিতি

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের ২৮টি জেলায় অগ্নিসংযোগ ও সহিংসতার খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া রাজনৈতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন রাজনৈতিক কর্মী এবং একজন বাসশ্রমিক রয়েছেন।

বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, নড়াইল জেলায় ক্ষমতাসীন বিএনপির দুজন কর্মী নিহত হন। এর জেরে জেলার আওয়ামী লীগ সমর্থকদের এক ডজনের বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেন বিএনপির সমর্থকেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক নড়াইলের এক বাসিন্দা জানান, জেলায় অন্তত ৫০টি বাড়িঘর ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপিকে তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় তাঁরা আতঙ্কিত। জরুরি প্রয়োজন ছাড়া নারী ও শিশুদের ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র আমিনুর রশিদ বলেন, দুর্বৃত্তরা বাড়িটির পূর্ব পাশে আগুন ধরিয়ে দেয়। ওই অংশটি গুদামঘর হিসেবে ব্যবহৃত হতো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক জানিয়েছে, তাদের ২২টি শাখায় অগ্নিসংযোগ ও হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত ৯০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বাসসকে জানান, শেখ হাসিনার নিজ জেলা ও আওয়ামী লীগের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এলাকার শান্তিপ্রিয় মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স বিভাগের প্রভাষক এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা জেমসটাউন ফাউন্ডেশনের বিশ্লেষক খন্দকার তাহমিদ রেজওয়ান আল জাজিরাকে বলেন, সাম্প্রতিক বিক্ষোভগুলো পুরোপুরি স্বতঃস্ফূর্ত বলে মনে হচ্ছে না।

তাঁর মতে, বিক্ষোভ সত্যিকার অর্থে স্বতঃস্ফূর্ত হলে দেশের বিভিন্ন প্রান্তে আরও ব্যাপক জনসম্পৃক্ততা দেখা যেত। কিন্তু বিক্ষোভের প্রধান কেন্দ্র গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের মতো এলাকায় সীমাবদ্ধ রয়েছে, যেগুলো ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের সমর্থনভিত্তিক অঞ্চল হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, দেশের অন্যান্য স্থানেও বিচ্ছিন্নভাবে বিক্ষোভ ও মিছিলের খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত এর ব্যাপ্তি ও ভৌগোলিক বিস্তৃতি দেশব্যাপী গণ-আন্দোলনের পরিবর্তে স্থানীয় অস্থিরতার ইঙ্গিত দেয়। এসব ঘটনা জনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হলেও বর্তমান সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলার মতো দেশব্যাপী আন্দোলনের চিত্র এখনো দেখা যাচ্ছে না।

বিক্ষোভের সূত্রপাত যেভাবে

গত ৯ নভেম্বর শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন সরকার প্রত্যাখ্যান করার পরপরই সাম্প্রতিক বিক্ষোভ শুরু হয়। শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সাল এবং পরবর্তী সময়ে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে তাঁর প্রায় ১৫ বছরের শাসনামল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন মানবাধিকার সংস্থার সমালোচনার মুখে পড়ে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।

তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। গত ৯ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর সহযোগীরাও জানিয়েছিলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। কিন্তু বর্তমান সরকার তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে।

চলতি মাসের শুরুর দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, হাজার হাজার মানুষ হত্যার অভিযোগে দেশত্যাগ করা শেখ হাসিনাকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। তাঁকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় সরকার কাজ করবে।

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে। সাংবাদিকদের তিনি বলেন, রায় কার্যকর হওয়ার মুখোমুখি হওয়া ছাড়া শেখ হাসিনার সামনে আর কোনো পথ খোলা নেই।

এদিকে বিক্ষোভকারীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কারাবন্দী দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানিয়ে আসছেন।

শেখ হাসিনা কেন দেশে ফিরতে চাইছেন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনগণের একটি অংশের মধ্যে শেখ হাসিনার এখনো সমর্থন রয়েছে। অন্যদিকে আরেকটি বড় অংশ তাঁর মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চায়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের দুই বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যখন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তনের আলোচনা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

তবে দেশে ফেরার পেছনে শেখ হাসিনার প্রকৃত উদ্দেশ্য কী, তা স্পষ্ট নয়। আদালতের মুখোমুখি হওয়ার জন্য তিনি সত্যিই ফিরতে চাইছেন কি না, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন রয়েছে। কারও মতে, ভারতে অবস্থান করেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ পুনরুজ্জীবিত করার কৌশল হিসেবে তিনি দেশে ফেরার কথা বলছেন।

২০২৪ সালের আগস্টে ঢাকা ছেড়ে যাওয়ার পর থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। কয়েক দশকের ঘনিষ্ঠ মিত্র নয়াদিল্লিতে তাঁর দীর্ঘ অবস্থান এখন বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে উঠেছে।

বিশ্লেষক খন্দকার তাহমিদ রেজওয়ান মনে করেন, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার নতুন তৎপরতার পেছনে কয়েকটি কারণ রয়েছে। তাঁর মতে, প্রথমত, বর্তমান সরকারের সামনে মূল্যস্ফীতির চাপ, অর্থনৈতিক স্থবিরতা ও জ্বালানি সংকটসহ নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব সংকটের পেছনে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির প্রভাব থাকলেও সাধারণ মানুষের কাছে বিষয়টি ব্যাখ্যা করা কঠিন। এসব সমস্যার দৈনন্দিন প্রভাব জনগণের মনোবল ও সরকারের প্রতি আস্থাকে প্রভাবিত করতে পারে।

দ্বিতীয়ত, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা হবে, নাকি দলটিকে আবার রাজনৈতিক কর্মকাণ্ড শুরুর সুযোগ দেওয়া হবে—তা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে বলে মনে করেন তিনি।

রেজওয়ানের মতে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার জন্য দায়ীদের বিচার ও সাজা নিশ্চিত করার দাবি রয়েছে আন্তর্জাতিক মহল ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে। তাঁদের কেউ কেউ মনে করেন, বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর দলটির ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়ে মূলধারার রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত।

তৃতীয়ত, এ ক্ষেত্রে ভারতের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ২০২৪ সালের আগস্টে সরকারের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ভারতের কাছ থেকে বিভিন্ন মাত্রায় সহায়তা পেয়ে আসছেন বলে জানা যায়। এ ছাড়া বিশেষ কোনো ব্যবস্থার অধীনে শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে নয়াদিল্লি কোনো সমঝোতার পথ খুঁজছে কি না, তা নিয়েও আলোচনা ও জল্পনা রয়েছে।

বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক মুশফিকুল ফজল আনসারী মনে করেন, সাজা ভোগ করার জন্য শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা নেই। আল জাজিরাকে তিনি বলেন, তাঁর মূল্যায়নে সমর্থকদের চাঙা করা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন।

আনসারী আরও জানান, এই সহিংসতার প্রভাব দেশের বাইরেও পড়েছে। পূর্ব লন্ডনের রমফোর্ডে সংসদ সদস্য ও ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের গাড়িবহরে আওয়ামী লীগ সমর্থকেরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

তিনি বলেন, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে উপস্থাপন করা যায় না। প্রতিবেশী দেশের উচিত, বাংলাদেশের বিরুদ্ধে সহিংসতা সংগঠিত বা উসকে দেওয়ার কাজে যেন তাদের ভূখণ্ড ব্যবহার না হয়, তা নিশ্চিত করা।

আওয়ামী লীগের বিক্ষোভের রাজনৈতিক প্রভাব

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েনের পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, দুই নেতাই বৈঠকটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। রোববার (২২ নভেম্বর) তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হলে তা ভালো। উদ্যোগটির পেছনে সদিচ্ছা থাকলে তাঁরা এর সফলতা কামনা করেন।

আইইউবির শিক্ষক খন্দকার তাহমিদ রেজওয়ান বলেন, আওয়ামী লীগের জন্য সবচেয়ে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে যদি বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক স্বার্থ এক জায়গায় মিলে যায়। বিশেষ করে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনরায় জায়গা করে নেওয়া থেকে বিরত রাখতে দল দুটি যদি নিজেদের মতপার্থক্য পাশে সরিয়ে রাখে, তাহলে তা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

তিনি বলেন, আওয়ামী লীগের বাইরে জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক সংগঠন। দলটির তৃণমূল পর্যায়ে সুসংগঠিত কাঠামো, তুলনামূলক সুশৃঙ্খল কর্মীবাহিনী এবং রাজনৈতিক জনসমাবেশের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। ফলে আওয়ামী লীগের নিজস্ব সাংগঠনিক শক্তি ও তৃণমূলের তৎপরতা মোকাবিলায় জামায়াতের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে।

রেজওয়ান আরও বলেন, আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের অবশিষ্ট সমর্থন কতটা রয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা দেশে ফিরলে দলটির প্রতি সহানুভূতিশীল কিন্তু বর্তমানে নিষ্ক্রিয় জনগোষ্ঠী কীভাবে সাড়া দেবে, তা এখনো অনিশ্চিত। তাঁর প্রত্যাবর্তন তৃণমূলের সমর্থকদের আবার সক্রিয় করবে, নাকি সাংগঠনিক বিপর্যয় ও রাজনৈতিক বিচ্ছিন্নতা তাদের সংগঠিত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, সেটিও দেখার বিষয়।

তাঁর মতে, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা ঠেকাতে বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো সমঝোতা হলে তা কতটা কার্যকর ও দীর্ঘস্থায়ী হবে, সেটি শুধু শীর্ষ নেতাদের আলোচনার ওপর নির্ভর করবে না। দল দুটি নিজেদের রাজনৈতিক প্রতিযোগিতা কীভাবে সামলায় এবং সাধারণ ভোটারদের পরিবর্তনশীল মনোভাবের প্রতি কীভাবে সাড়া দেয়, তার ওপরও বিষয়টি নির্ভর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *