শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে ভারতে অবস্থান করে শেখ হাসিনার লন্ডনে ভার্চুয়ালভাবে বক্তব্য দেওয়ার বিষয়টিকে তিনি ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুমায়ুন কবির।

আগামীকাল লন্ডনে অনুষ্ঠেয় একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় অনলাইনে যুক্ত হওয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারকে কোনো বার্তা দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি যুক্তরাজ্য সরকার আয়োজন করছে না। তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট জায়গায় বাংলাদেশ তার বক্তব্য জানাবে।

হুমায়ুন কবির বলেন, ভারতে অবস্থান করে লন্ডনে ভার্চুয়ালি কথা বলার বিষয়টি গুরুত্বহীন কর্মকাণ্ড। তাঁর ভাষ্য, শেখ হাসিনার এখন রাজনৈতিকভাবে করার মতো কিছু নেই এবং বাংলাদেশে তাঁর ফিরে আসারও কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, যারা কোনো দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায়, তাদের ফিরে আসার সম্ভাবনা খুব কম। তাঁর দাবি, শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে।

এর আগে মঙ্গলবারের বৈঠকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় শেখ হাসিনার সম্ভাব্য ভার্চুয়াল অংশগ্রহণ ও তাঁর বাংলাদেশে ফেরার প্রসঙ্গটি উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *