শ্রীপুরে জমি চাষে বাধা ও কৃষককে প্রাণনাশের হুমকির অভিযোগ

মেহেদী হাসান:

গাজীপুরের শ্রীপুরে পৈতৃক জমিতে হালচাষ করতে গিয়ে প্রতিপক্ষের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন মো. আমির হোসেন নামের এক কৃষক। গত ৩১ জানুয়ারি দুপুরে উপজেলার লোহাগাছ গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, লোহাগাছ গ্রামের মৃত ফাইজুদ্দিনের ছেলে মো. আমির হোসেনের সাথে একই এলাকার মোর্শেদা বেগম (৪০) ও আয়না বিবির (৬৫) দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে গত ৩১ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে আমির হোসেন তার নিজ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কাজে বাধা প্রদান করেন। তারা আমির হোসেন ও ট্রাক্টর চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ট্রাক্টর ভাঙচুরের চেষ্টা চালান এবং জমি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেন। ভুক্তভোগীর দাবি, বিবাদীরা তাকে সরাসরি খুন-জখমের হুমকি দিয়ে মাঠ থেকে তাড়িয়ে দেয়।

ভুক্তভোগী আমির হোসেন জানান, প্রতিপক্ষের ক্রমাগত হুমকির মুখে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমিতে পুনরায় চাষাবাদ করতে গেলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তিনি। ঘটনার সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা উপস্থিত ছিলেন বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

এলাকাবাসীর দাবি, আমির হোসেন গত ৩০ বছর যাবৎ এই জমিতে চাষাবাদ করে আসছেন। অভিযোগ উঠেছে, রিয়াজুদ্দিনের ছেলে আরিফ সরকার পুলিশের চাকরির দাপট দেখিয়ে জমি দখলের চেষ্টা করছেন। আমির হোসেন তার নিজস্ব জমিতে গেলে মূলত পুলিশের উসকানিতেই বাধার সম্মুখীন হন। ভুক্তভোগী পরিবার আরও জানায়, আরিফ সরকারের অত্যাচারে তারা অতিষ্ঠ। তিনি প্রায়ই পুলিশের ভয় দেখিয়ে তাদের হয়রানি করেন। তারা এই পরিস্থিতি থেকে মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার এসআই শাফায়াত ওসমান জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে জমিতে চাষাবাদে বাধা দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *