বিএনপি থেকে একজনও জামায়াতে যোগ দেয়নি: শাহজাহান মিঞা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বিএনপির একজন কর্মীও জামায়াতে ইসলামীতে যোগ দেয়নি। জামায়াত নিজেদের দলীয় কর্মীদের ফুলের মালা পরিয়ে ফটোশেসন করছে বলে দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি একটি আদর্শিক দল। ফলে একজন কর্মীরও দলত্যাগ করে জামায়াতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।”

শাহজাহান মিঞা আরও বলেন, বিএনপি একটি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক দল। ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের জোয়ার দেখে গুজব ছড়াতে জামায়াত নানা ষড়যন্ত্র করে আসছে। বরং জামায়াত থেকে অনেকে বিএনপিতে যোগ দিয়েছেন, যার অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। তবে বিষয়টি আমরা প্রচারের জন্য ব্যবহার করতে চাই না। বিএনপির কেউ জামায়াতে যোগ দিয়েছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব।

তিনি বলেন, গুজব শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই রয়েছে। তবে গুজবে জামায়াতে ইসলামীর সমকক্ষ কেউ আছে কি না, তা আমার জানা নেই। এসব গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গণসংযোগকালে অধ্যাপক শাহজাহান মিঞা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, স্থানীয় নেতা তৌফিকুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *