মুহাম্মদ জুবাইর:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটার সতীশ বাবু লেইনে অটোরিকশার এক যাত্রীকে ছোরার ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে মো. সাদ্দাম হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিএমপির ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-৩১।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে সতীশ বাবু লেইনে একটি অটোরিকশার যাত্রীকে গতিরোধ করে ছোরার ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।
পুলিশ জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনায় জড়িতরা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায় এবং অবস্থান পরিবর্তন করতে থাকে। পরে ডিবির টিম-৩১ তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় ২১ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে কর্ণফুলী থানাধীন উত্তর শিকলবাহা এলাকা থেকে ভিডিওতে সাদা টি-শার্ট পরিহিত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. সাদ্দাম হোসেন (৪৩)। পুলিশ বলছে, তিনি ছিনতাইয়ের ঘটনায় মূল জড়িতদের একজন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাদ্দাম একটি ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। ২০২৫ সালে কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকায় একই ধরনের ঘটনায় এক নারীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন।
পুলিশ আরও জানায়, সাদ্দামের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা ও দ্রুত বিচার আইনের মামলাসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। পুলিশের দাবি, তিনি ও তার সহযোগী মাইন উদ্দিন ওরফে বান্ডু ছিনতাইয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
গ্রেফতারের পর সাদ্দামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।